না শেষ পর্যন্ত তুমি আমার কেউ নও। যাকে আঁকড়ে ধরে এই বিষন্নতার মাঝে খুঁজে পেতে পারি আশ্রয় আর যার কোলে মাথা রেখে নিতে পারি শান্তির প্রশ্বাস। না শেষ পর্যন্ত তুমি আমার নিকটি নও। যে সন্নিকটে থাকলে সহস্র বাধা বিঘ্নতা, সংকট আর বিমুখ পরিবেশটাও তুচ্ছ মনে হয়। পাই মন খুলে স্বাস নেওয়ার মতো স্বস্তি। না শেষ পযর্ন্ত তুমি একজন পর। যাকে নিয়ে স্বপ্ন দেখা শুধুমাত্র সময়ের অপচয় ছাড়া আর কিছুই না। যে কিনা কোনোদিন বুঝবে না আমার মনের আর্তনাদ। হ্যাঁ শেষ পর্যন্ত আমার কথাগুলোই সত্যি! তোমার উপস্থিতি জাগিয়ে তোলে আমাকে অহেতুক দেখা স্বপ্নের ঘোর থেকে। মনে করিয়ে দেয় এই নিষ্ঠুর দুনিয়ায় আমি একলা এসেছিলাম, থাকবো ও একলা আর একদিন চলেও যাব একলা। কি? আমার কথাগুলো শুনতে কটু লাগছে? বিশ্বাস করো এই কটু কথাগুলো হজম করতে করতে এক আমি মৃতপ্রায়। দিকবিদিক জ্ঞানশূন্য, নিস্তব্ধ আর ভেঙে চুরমার হয়ে যাওয়া এক মানুষ। হ্যাঁ এই আমি খাপ খাইয়ে নিয়েছি নিজেকে! বিরূপ পরিবেশে নিজেকে সামলে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে। নিজের জন্য বাঁচতে আর নিজেকে গড়ে তুলতে।